ইয়েমেন উপকূলে নৌকাডুবি: প্রাণ গেল ৬৮ অভিবাসীর, নিখোঁজ বহু

পর্যটন সংবাদ ডেস্ক: ইয়েমেন উপকূলে শোকাবহ এক নৌকাডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬৮ জন আফ্রিকান অভিবাসী। নিখোঁজ রয়েছেন আরও ৭৪ জনেরও বেশি। দেড় শতাধিক অভিবাসীকে বহনকারী নৌকাটি ইয়েমেনের আবিয়ান প্রদেশ উপকূলে ডুবে যায় বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

আল জাজিরার বরাত দিয়ে জানা গেছে, নৌকাটিতে মোট ১৫৪ জন ইথিওপিয়ান নাগরিক ছিলেন। দুর্ঘটনার পর মাত্র ১২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। খানফার জেলায় ৫৪ জনের মরদেহ এবং আরও ১৪ জনের মরদেহ ভিন্ন একটি এলাকা থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, নিহতদের দাফনের জন্য শাকরা এলাকার নিকটবর্তী স্থানে ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্গম পরিবেশ ও খারাপ আবহাওয়ার মধ্যেও উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।

হর্ন অব আফ্রিকা থেকে ইয়েমেন হয়ে উপসাগরীয় ধনী দেশগুলোর দিকে অভিবাসীদের যাত্রা নতুন নয়। কিন্তু সমুদ্রপথটি অত্যন্ত বিপজ্জনক। অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া প্রায়শই প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

আইওএম-এর তথ্য অনুসারে, ২০২৪ সালে এখন পর্যন্ত ৬০ হাজারেরও বেশি শরণার্থী ও অভিবাসী ইয়েমেন পৌঁছেছেন, যা আগের বছরের তুলনায় কম। এর পেছনে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে সমুদ্রপথে নজরদারি বৃদ্ধি।

গত দুই বছরে এই রুটে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। শুধু গত বছরেই নৌকাডুবিতে প্রাণ গেছে ৫৫৮ জনের। গত এক দশকে নিখোঁজ হয়েছেন কমপক্ষে ২ হাজার ৮২ জন, যাদের মধ্যে ৬৯৩ জনের ডুবে মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

বর্তমানে ইয়েমেনে প্রায় ৩ লাখ ৮০ হাজার অভিবাসী ও শরণার্থী অবস্থান করছেন। যুদ্ধ ও দারিদ্র্যপীড়িত সোমালিয়া ও ইথিওপিয়ার নাগরিকরা নিরাপদ জীবনের আশায় বিপজ্জনক এই পথ বেছে নিচ্ছেন, যা দিনকে দিন পরিণত হচ্ছে মানবিক সংকটের এক ভয়াবহ চিত্রে।

Read Previous

ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক ছুঁলেন জো রুট, ডব্লিউটিসিতে প্রথম ৬০০০ রানের কীর্তি

Read Next

সুনামগঞ্জে শিক্ষার্থী-শ্রমিক বিরোধে বাস ধর্মঘট, পর্যটকদের ভোগান্তি চরমে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular