
পর্যটন সংবাদ ডেস্ক: নগরের ইপিজেড থানার মাইলের মাথা এলাকায় লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাগেরহাটের মোংলা থেকে বৃহস্পতিবার (২৮ আগস্ট) অস্ত্রটি উদ্ধার করা হয়। এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন বাগেরহাটের মোংলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আবদুল জলিলের ছেলে এন. এইচ. মানিক (৪২) এবং একই এলাকার আবদুল মোতালেবের ছেলে মো. কামাল (৪৩)।
ডিবি জানায়, মানিক নগরের ইপিজেড থানার এলাকায় থাকেন। মঙ্গলবার (২৬ আগস্ট) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, তার কাছে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ছিল এবং সেটি তিনি মোংলায় বন্ধুর কাছে রেখেছিলেন।
এরপর বাগেরহাট মোংলায় অভিযান চালিয়ে তার বন্ধু কামালকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ইপিজেড থানা থেকে লুট হওয়া একটি পিস্তল এবং ৮ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশ উত্তর জোনের উপকমিশনার মো. হাবিবুর রহমান প্রাং জানিয়েছেন, দু’জনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।



