ইউনেস্কোর সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের খন্দকার এম তালহা

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশের জন্য এটি এক ঐতিহাসিক অর্জন। ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। প্যারিসে অনুষ্ঠিত ভোটে তিনি মাত্র তিন ভোটের ব্যবধানে জাপানের প্রতিনিধি রাষ্ট্রদূত টেকহিরো কানোকেকে পরাজিত করেন।

প্যারিস ও ঢাকার কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। মোট ৫৭ সদস্য দেশের মধ্যে খন্দকার তালহা পেয়েছেন ৩০ ভোট, আর টেকহিরো কানো পেয়েছেন ২৭ ভোট। এর মাধ্যমে প্রথমবারের মতো ইউনেস্কোর সাধারণ সম্মেলনের সভাপতির আসনে বসছে বাংলাদেশ।

প্রাথমিকভাবে এই পদের জন্য বাংলাদেশ, জাপান, ভারত এবং উত্তর কোরিয়া প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তবে গত সেপ্টেম্বর ভারত ও উত্তর কোরিয়া তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেয়। ফলে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে বাংলাদেশ ও জাপানের মধ্যে।

ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলন শুরু হবে আগামী ৩০ অক্টোবর, উজবেকিস্তানের ঐতিহাসিক সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে। সম্মেলন চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।

খন্দকার এম তালহা পেশাদার কূটনীতিক। তিনি বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি নিউইয়র্ক, জেনেভা, তেহরান এবং লন্ডনে বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ ইউনেস্কোর সদস্য হওয়ার পর এই প্রথমবারের মতো এমন মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হলো দেশটি— যা কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

Read Previous

হিমাচল প্রদেশে ভয়াবহ ভূমিধস: যাত্রীবাহী বাসের ওপর পাহাড় ধসে ১৫ জন নিহত, উদ্ধার অভিযান চলছে

Read Next

কিলিং ফিল্ড: কম্বোডিয়ার ইতিহাসের ভয়াবহ নীরব সাক্ষী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular