
পর্যটন সংবাদ ডেস্ক:আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্পে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২ হাজার ২০৫ জন নিহত এবং ৩ হাজার ৬৪০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাজারো ঘরবাড়ি। খাদ্য, পানি, আশ্রয় ও জরুরি চিকিৎসা সংকটের কারণে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে।
এই কঠিন সময়ে আফগান জনগণের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান ১১ দশমিক ২২৭ টন জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে কাবুলের উদ্দেশে রওনা হয়।
ত্রাণের মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, বিস্কুট, মিল্ক পাউডার, নুডুলস, কাপড় ও ওষুধ। সহায়তা হস্তান্তরের পর বিমানটি একই দিনে দেশে ফিরে আসবে।
ঢাকা ছাড়ার আগে সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন এক প্রেস ব্রিফিং করেন। সেখানে তিনি জানান, বিপর্যস্ত আফগান জনগণের পাশে দাঁড়ানো বাংলাদেশ সরকারের মানবিক দায়িত্বের অংশ।
ব্রিফিংয়ে সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



