
পর্যটন সংবাদ ডেস্ক: বিগত তিন মাস ধরে রাজধানীর বাজারে সব ধরনের সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়ে আছে। বর্তমানে আলু ও কাঁচা পেঁপে ছাড়া হাতেগোনা কয়েকটি সবজি ছাড়া বাকি সব কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকার নিচে নেই।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর কাওরান বাজার ও মোহাম্মদপুর টাউনহল বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
আজকের বাজারে ঢেঁড়স কেজি ৮০ টাকা, পটল ৮০ টাকা, মুলা ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, গোল বেগুন ১০০ টাকা, লম্বা বেগুন ৬০ টাকা, ঝিঙ্গা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ধন্দুল ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, করলা ১০০ টাকা, শসা ৮০ টাকা, টমেটো ১৪০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা, কচু ৫০ টাকা, আলু ২৫ টাকা, কচুর লতি ৬০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, গাজর ৮০ টাকা এবং মিষ্টি কুমড়া ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
মোহাম্মদপুর টাউনহল বাজারে কেনাকাটা করতে আসা গৃহিণী রুবিনা আক্তার বলেন, “প্রায় তিন মাস ধরে সবজির বাজার আগুন। ৮০-১০০ টাকার নিচে সবজি পাওয়া যায় না। সংসার চালানো এখন সত্যিই কঠিন হয়ে যাচ্ছে। আগে এক কেজি করে নিতাম, এখন বাধ্য হয়ে আধা কেজি করে কিনি। অথচ বাজার নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ চোখে পড়ছে না।”
কাওরান বাজারের সবজি বিক্রেতা শফিকুল মিয়া জানান, “দাম বেশি থাকায় আমাদের বিক্রিও অর্ধেকে নেমে এসেছে। আগে দিনে ২০ কেজি করে একটি সবজি বিক্রি হতো, এখন তা নেমে এসেছে ৫-৬ কেজিতে। ক্রেতারা এখন সবাই আধা কেজি করে নিচ্ছেন।”
অন্যদিকে লালমাটিয়া বাজারের বিক্রেতা মজনু হোসেন বলেন, “এখন সবজির মৌসুম শেষের দিকে। নতুন সবজি বাজারে না আসা পর্যন্ত দাম আরও কিছুদিন বেশি থাকবে। সরবরাহ কম আর চাহিদা বেশি থাকায় বাজার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।”
সবজি বাজারের এই পরিস্থিতি সাধারণ ক্রেতাদের জন্য যেমন বোঝা হয়ে দাঁড়িয়েছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিক্রেতারাও।



