
পর্যটন সংবাদ ডেস্ক: জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও তার স্ত্রী মেহবুবা আলমকে বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের সম্পদ ক্রোক এবং বিনিয়োগ স্থগিতের নির্দেশ দিয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব রোববার (১৭ আগস্ট) এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ জানান, স্বপনের নামে ২৮টি ব্যাংক হিসাব এবং ৩২টি কোম্পানির মোট ২ লাখ ২১ হাজার ৫৬৪ শেয়ার ফ্রিজ করা হয়েছে। এছাড়া তার ২ কোটি ৮০ লাখ টাকার মূল্যের ৩০৭ শতাংশ জমি, একটি ফ্ল্যাট এবং একটি প্লট ক্রোকের আওতায় এসেছে।
তার স্ত্রী মেহবুবা আলমের নামে নরসিংদীতে থাকা ২ কোটি ২৮ লাখ টাকার জমি ক্রোক করা হয়েছে। জয়পুরহাটে দুই তলা বাড়ি, গুলশানে একটি ফ্ল্যাট এবং ২৪৪ শতাংশ জমিও এই আদেশের আওতায় এসেছে। একই সঙ্গে তার ২৩টি কোম্পানিতে বিনিয়োগ করা ৭৭ লাখ টাকার অস্থাবর সম্পদও ফ্রিজ করা হয়েছে।
আদালত তাদের মেয়ে নুযায়মা মাহমুদের সাতটি কোম্পানির ১৪ হাজার ৯৭২ শেয়ারও ফ্রিজের নির্দেশ দিয়েছেন।
দুদকের পক্ষে সহকারী পরিচালক আল আমিন আদালতে জানান, স্বপন তার নিজস্ব, যৌথ এবং প্রতিষ্ঠানের নামে পরিচালিত ২৮টি ব্যাংক হিসাব থেকে ৩২৬ কোটি টাকার বেশি জমা ও উত্তোলন করেছেন, যা অস্বাভাবিক ও সন্দেহজনক। এই অর্থ বিভিন্ন রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে পরিচালিত হয়েছে। তাই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার জন্য তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন।



