
পর্যটন সংবাদ ডেস্ক: আগামী সোমবার (১৮ আগস্ট) উত্তরপশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ তৈরি হতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই লঘুচাপের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।
শনিবার (১৬ আগস্ট) দেওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, লঘুচাপের প্রভাবে রোববার (১৭ আগস্ট) সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, সোমবার (১৮ আগস্ট) থেকে বুধবার (২০ আগস্ট) পর্যন্ত বৃষ্টিপাতের মাত্রা আরও বাড়বে। এ সময়ে রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বেশি বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকাসহ রাজশাহী ও খুলনা বিভাগেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।
একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ দেখা যেতে পারে। এসব দিনে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালের এই স্বাভাবিক আবহাওয়া পর্যটকদের ভ্রমণ পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে পার্বত্য অঞ্চল বা নদীবেষ্টিত এলাকায় যাতায়াতের সময় সতর্ক থাকা জরুরি।



