
পর্যটন সংবাদ ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বকে উচ্চ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ওয়াশিংটন ডিসি থেকে এক ভিডিও কনফারেন্সে তিনি ইউনূসের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, আঞ্চলিক পরিস্থিতি এবং আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ঘিরে নানা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন।
জর্জিয়েভা বলেন, “অর্থনীতি যখন তীব্র সংকটে ছিল, তখন আপনি দায়িত্ব নিয়েছিলেন। খুব অল্প সময়েই অনেক কিছু অর্জন করেছেন। সত্যিই সঠিক সময়ে সঠিক ব্যক্তি ছিলেন আপনি।”
বিশেষ করে বাজারভিত্তিক বিনিময় হার চালু করে বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার পদক্ষেপের প্রশংসা করেন তিনি।
প্রতিক্রিয়ায় অধ্যাপক ইউনূস আইএমএফের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, নির্ধারিত সময়ে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা হবে এবং নির্বাচন শেষে তিনি আগের কাজে ফিরে যাবেন।
আলোচনায় ব্যাংক খাতের পুনর্গঠন, রাজস্ব বাড়ানো, নেপালের যুব আন্দোলন, আসিয়ানভুক্ত হওয়ার আগ্রহ এবং ঢাকার বৃহৎ অবকাঠামো প্রকল্পের অগ্রগতির বিষয়গুলোও উঠে আসে।
ভিডিও কনফারেন্সে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।



