
পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশে আধুনিক খুচরা বিক্রির নতুন অধ্যায় সূচনা করল স্বপ্ন। দেশের সবচেয়ে বড় রিটেইল চেইনশপ প্রথমবারের মতো চালু করল সেলফ-চেকআউট কাউন্টার। এর মাধ্যমে ক্রেতারা চাইলে নিজেরাই কেনাকাটা শেষে পেমেন্ট করতে পারবেন, লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই।
২০ আগস্ট গুলশান-১ আউটলেটে এই সেবার উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন-এর ম্যানেজিং ডিরেক্টর সাব্বির হাসান নাসির, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ইস্টার্ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আনোয়ার, সানমি’র কান্ট্রি হেড সানিউল জাদিদসহ অনেকে।
স্বপ্নর তরুণ টেক টিমের তৈরি এই প্রযুক্তিতে সহায়তা করেছে মাস্টারকার্ড, সানমি ও ইস্টার্ন ব্যাংক। ক্রেতারা স্টোরের পণ্য স্ক্যান করে ভিসা বা মাস্টারকার্ড দিয়ে সরাসরি পেমেন্ট করতে পারবেন।
এমডি সাব্বির হাসান নাসির বলেন, “বাংলাদেশে রিটেইলে প্রথমবারের মতো এই সুবিধা আনতে পারাটা আমাদের জন্য গর্বের বিষয়। এটি বিশ্বমানের কেনাকাটার অভিজ্ঞতা তৈরি করবে।”
মাস্টারকার্ডের সৈয়দ মোহাম্মদ কামাল জানান, “এই উদ্যোগ বাংলাদেশের গ্রোসারি খাতে ডিজিটাল রূপান্তরের বড় মাইলফলক। দ্রুত ও নিরবচ্ছিন্ন পেমেন্ট নিশ্চিত করে এটি গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও সহজ করবে।”
ইবিএল-এর এম. খোরশেদ আনোয়ার বলেন, “স্বপ্নর এই উদ্যোগে প্রযুক্তিগত সহায়তা দিতে পেরে আমরা আনন্দিত। নিরাপদ ডিজিটাল পেমেন্ট সমাধানে ইবিএল সবসময় অগ্রগামী।”
প্রাথমিকভাবে শুধু গুলশান-১ এ চালু হলেও ধাপে ধাপে দেশের অন্যান্য আউটলেটেও এই সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এছাড়া উদ্বোধনী উপলক্ষে গুলশান-১ শাখায় মাস্টারকার্ড ব্যবহার করে ১,০০০ টাকা বা তার বেশি কেনাকাটা করলে ক্রেতারা পাচ্ছেন বিশেষ উপহার হিসেবে পরিবেশবান্ধব শপিং ব্যাগ।



