
পর্যটন সংবাদ ডেস্ক: আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখন কলকাতায় অবস্থান করছেন বলে নিশ্চিত হওয়া গেছে। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ৫ আগস্ট ভারতে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। দীর্ঘ নীরবতার পর গত ২ অক্টোবর কলকাতার নিকো পার্কে তাকে দেখা যায়।
কলকাতার একটি বড় অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে সপরিবারে সেখানে থাকছেন কামাল। ওই অ্যাপার্টমেন্টে নিয়মিত আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা জড়ো হন এবং দলীয় বৈঠক করেন। প্রতি সপ্তাহেই তিনি দিল্লি যান এবং সেখানে ভারতীয় উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বলে এক সাবেক এমপি জানিয়েছেন।
দ্য প্রিন্টে প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, আসাদুজ্জামান কামালের ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। তার কাজ হলো বিদেশে অবস্থানরত আওয়ামী কর্মীদের মনোবল ধরে রাখা। তিনি নেতাদের উদ্দেশ্যে প্রায়ই বলেন, “আমরা এখানে বিশ্রাম নিতে আসিনি, আমরা এখানে টিকে থাকতে এবং ভবিষ্যতের জন্য লড়াই করতে এসেছি।”
শেখ হাসিনা ও আওয়ামী লীগের আরও অনেক নেতা-এমপি বর্তমানে ভারতে অবস্থান করছেন। তারা বিভিন্ন শহরে আলাদা আলাদা জায়গায় থাকলেও কলকাতাকে কেন্দ্র করেই রাজনৈতিক বৈঠক চলছে বলে জানা গেছে।
সূত্র: দ্য প্রিন্ট



