
পর্যটন সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ জয়নুল আবেদিন ফারুক ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। তবে তিনি এবং তার সঙ্গে থাকা সফরসঙ্গীরা অক্ষত আছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ফারুকের গাড়িকে পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং মহাসড়কে কিছু সময়ের জন্য যানজট সৃষ্টি হয়।
দুর্ঘটনার পর নিজেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আমি সম্পূর্ণ সুস্থ আছি। একটি রেন্ট-এ-কারের গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়ায় আমার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে আমি অক্ষত আছি।” একই সঙ্গে তিনি ঘটনাটিকে সন্দেহজনক ও পরিকল্পিত বলে দাবি করেন এবং বিষয়টি তদন্তের দাবি জানান।
এদিকে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “আমরা ঘটনাস্থলে কোনো গাড়ি পাইনি। হাইওয়ে পুলিশও পায়নি। কেউ না থাকলে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।”



