নেপালে সহিংস বিক্ষোভ: আগুনে পুড়ে প্রাণ হারালেন সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী

পর্যটন সংবাদ ডেস্ক: নেপালে চলমান বিক্ষোভ ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। আন্দোলনকারীদের দেওয়া আগুনে সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজধানী কাঠমান্ডুর দাল্লু এলাকায় তাদের বাড়িতে হামলা চালায় বিক্ষোভকারীরা। শতাধিক মানুষ বাড়িতে প্রবেশ করে ঘিরে ফেলে আগুন ধরিয়ে দেয়। সে সময় ঘরের ভেতরেই আটকা পড়ে ছিলেন রাজ্যলক্ষ্মী চিত্রকর।

অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে কীর্তিপুর বার্ন হাসপাতালে নেওয়া হলেও কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

সোমবার বিক্ষোভে ১৯ জন নিহত হওয়ার পর থেকেই পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। মঙ্গলবার সকালে বিক্ষোভকারীরা আরও সহিংস হয়ে ওঠে। এ সময় চাপের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন।

পদত্যাগের পর সহিংসতা আরও ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাড়িতেও হামলা চালানো হয়। বেশিরভাগ বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এমনকি কেপি শর্মা ওলির পৈতৃক ভিটিতেও আগুন দেওয়া হয়।

নেপালে এ সহিংসতা ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে বলে আশঙ্কা করা হচ্ছে।

Read Previous

‘সামগ্রিকভাবে ডাকসু নির্বাচন সন্তোষজনক’—সারজিস আলম

Read Next

দোহায় ইসরায়েলের বিমান হামলা, কেঁপে উঠল কাতারের রাজধানী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular