ঢাকার মার্কিন দূতাবাস বাংলাদেশি বংশোদ্ভূত জেনারেল শরীফুল খানকে শুভেচ্ছা জানিয়েছে

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক কর্নেল শরীফুল এম খান পদোন্নতি পেয়ে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন। ১৩ জুন ওয়াশিংটন ডিসির পেন্টাগনে আয়োজিত এক অনুষ্ঠানে এ পদোন্নতি ঘোষণা করা হয়।

ঢাকার মার্কিন দূতাবাস তাকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ব্রিগেডিয়ার জেনারেল খান যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্বের উজ্জ্বল দৃষ্টান্ত এবং বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়ের জন্য এক পথিকৃৎ। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে এই পদে উন্নীত হওয়া তিনি প্রথম বাংলাদেশি-আমেরিকান।

১৯ আগস্ট আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত এম ওসমান সিদ্দিক। তিনি মন্তব্য করেছেন, “বাংলাদেশের সন্তান শরীফুল খান আজ ইতিহাস তৈরি করলেন।”

শরীফুল খানের শপথ পাঠ করান যুক্তরাষ্ট্র স্পেস ফোর্সের ভাইস চিফ অব স্পেস অপারেশনস জেনারেল শন ব্রাটন। বর্তমানে তিনি পেন্টাগনে ‘গোল্ডেন ডোম ফর আমেরিকা’র ডিরেক্টর অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। এখানে তিনি কৌশল, নীতি ও পরিকল্পনা প্রণয়ন ছাড়াও শিল্প, একাডেমিয়া ও সরকারি সংস্থাগুলোর সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলে ভবিষ্যৎ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নে কাজ করছেন।

শিক্ষাজীবনে শরীফুল খান ১৯৯৭ সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে পলিটিক্যাল সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ওয়েবস্টার ইউনিভার্সিটি, ন্যাশনাল ডিফেন্স ইন্টেলিজেন্স কলেজ, এমআইটি ও জর্জটাউন বিশ্ববিদ্যালয়সহ একাধিক খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেন।

কর্মজীবনে তিনি মহাকাশ নিয়ন্ত্রণ, স্যাটেলাইট অপারেশন, স্পেস সিস্টেম, ন্যাশনাল রিকনাইসেন্স অফিসে স্যাটেলাইট অপারেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালে কুয়েতে মোতায়েন ছিলেন এবং ২০০৭ সালে ‘অপারেশন সাইলেন্ট সেনট্রি’র সময় ডিপ্লয়মেন্ট কমান্ডার হিসেবে নেতৃত্ব দেন।

এ ছাড়া তিনি কলোরাডোর শ্রিভার স্পেস ফোর্স বেসে ৩১০তম স্পেস উইং-এর কমান্ডার ছিলেন, যেখানে প্রায় দেড় হাজার সামরিক সদস্য ও ১৯টি ইউনিটের কার্যক্রম তিনি পরিচালনা করেছেন।

বাংলাদেশি বংশোদ্ভূত শরীফুল এম খানের এ অর্জন প্রবাসী বাংলাদেশি সমাজের জন্য যেমন গৌরবের, তেমনি তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক নতুন দৃষ্টান্ত।

Read Previous

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় নবম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

Read Next

ঢাকা অঞ্চলের খসড়া সীমানা নিয়ে ইসির দাবি-আপত্তি শুনানি শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular