১৬/০৫/২০২৬
২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় অবতরণের পর ইন্ডিগো ফ্লাইট শেয়ালের ‘খপ্পরে’, ট্যাক্সিওয়ে আটকে এক মিনিট

পর্যটন সংবাদ ডেস্ক : নয়াদিল্লি থেকে ঢাকায় আসা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর অপ্রত্যাশিত বাধার মুখে পড়েছে। ট্যাক্সিওয়ে ধরে টার্মিনালের দিকে যাওয়ার সময় পাইলট উড়োজাহাজের কাছাকাছি ঘাসের মধ্যে শেয়াল দেখতে পান। তিনি তৎক্ষণাত্ উড়োজাহাজ থামিয়ে কন্ট্রোল টাওয়ারের সহায়তা চান।

ককপিট থেকে টাওয়ারকে জানানো হয়, উড়োজাহাজের ডান পাশে মাত্র ৩০ ফুট দূরে ঘাসের ভেতর একটি শেয়াল দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর আরেকটি শেয়াল বাম থেকে ডান দিকে যেতে দেখা যায় এবং দুটি শেয়াল উড়োজাহাজের সামনে প্রায় ১০০ ফুট দূরে অবস্থান করছে বলে জানান পাইলট। টাওয়ার তখন দ্রুত একটি গাড়িসহ দুজন কর্মী পাঠায়।

গাড়ি এসে শেয়াল খুঁজতে থাকলে পাইলট জানান, প্রাণী দুটি গাড়ি থেকে প্রায় ৫০ ফুট দূরে ঘাসের মধ্যে লুকিয়ে আছে এবং সেখানে সম্ভবত একটি গর্ত রয়েছে। তবে শেষ পর্যন্ত কর্মীরা কোনো শেয়াল খুঁজে পাননি। তারা শুধু একটি সবুজ পলিথিন কুড়িয়ে পান। পরে টাওয়ারের নির্দেশে ফ্লাইটটি আবার টার্মিনালের উদ্দেশে রওনা দেয়। পুরো ঘটনায় ফ্লাইটটি মাত্র এক মিনিট আটকে ছিল।

ঘটনাটি বুধবার ঘটে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। একজন প্লেন স্পটারের ধারণ করা ভিডিওতে ককপিট-টাওয়ারের পুরো কথোপকথনসহ দৃশ্যটি উঠে এসেছে। ভিডিওটি ‘রয়েল বেঙ্গল এভিয়েশন’ নামের ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগীব সামাদ বলেন, “শাহজালালে বন্যপ্রাণীর বিচরণ আছে, তবে এ বিষয়ে কোনো রিপোর্ট আমার কাছে আসেনি।” বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের ঘটনা বিরল হলেও রানওয়ে ও ট্যাক্সিওয়ের আশপাশে বন্যপ্রাণী নিয়ন্ত্রণে সতর্কতা অব্যাহত রাখা হয়েছে।

Read Previous

গবেষণা ও সমন্বয়ের অভাবে পিছিয়ে পড়ছে বাংলাদেশের পর্যটন খাত

Read Next

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে শোকের ছায়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular