১৬/০৫/২০২৬
২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে শোকের ছায়া

পর্যটন সংবাদ ডেস্ক : লিভারজনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ভারতের চেন্নাইয়ে মারা গেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। মাত্র ৩০ বছর বয়সে তাঁর এই অকালমৃত্যুতে বাংলাদেশের বিনোদন অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

তাঁর বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ জানান, চেন্নাইয়ের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসার সময় ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার পর হঠাৎ তাঁর রক্তচাপ মারাত্মকভাবে কমে যায়। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করলেও তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। কয়েক দিন আগে জ্বর নিয়ে অসুস্থ হয়ে পড়েন কারিনা। পরে শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং হেপাটাইটিস এ ও ই-এর জটিলতায় লিভার ফেইলিউর দেখা দেয়। প্রথমে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাঁকে। উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হয়। সেখানে ফুসফুসের চিকিৎসার পাশাপাশি লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল।

কারিনা কায়সার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত ও জীবনঘনিষ্ঠ কনটেন্টের জন্য তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় ছিলেন। পরবর্তীতে অভিনয় ও চিত্রনাট্য লেখায়ও সক্রিয় হয়ে ওঠেন। ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’সহ একাধিক নাটক ও ওটিটি প্রোডাকশনে কাজ করেছেন তিনি। তিনি মা-বাবা ও দুই ভাই রেখে গেছেন। তাঁর দাদি বরেণ্য দাবাড়ু রানী হামিদ।

কারিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য সহকর্মী, নির্মাতা ও ভক্ত তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করছেন। তাঁর অকাল প্রয়াণ বিনোদন জগতে এক অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।

Read Previous

ঢাকায় অবতরণের পর ইন্ডিগো ফ্লাইট শেয়ালের ‘খপ্পরে’, ট্যাক্সিওয়ে আটকে এক মিনিট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular