স্পোর্টস ডেস্ক। পর্যটন সংবাদ: বুয়েন্স আইরেসের এস্তাদিও মনুমেন্তাল শুক্রবার রাতটা হয়ে উঠেছিল লিওনেল মেসির। সম্ভাব্য শেষ হোম কোয়ালিফায়ার ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়ে আবেগে ভাসলেন আর্জেন্টাইন মহাতারকা। পরিবারের সবাইকে নিয়ে মাঠে উপস্থিত হওয়া মেসি দর্শকদের ভালোবাসায় ভিজলেন, চোখের কোণাও ভিজে উঠল। এরপর মাঠে নিজের সেরা উপহার দিলেন জোড়া গোল করে।
কাতার বিশ্বকাপের পর থেকেই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে—২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না মেসি? ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ৩৮ বছর বয়সী মেসি জানালেন, এখনও সিদ্ধান্ত নেননি। তার ভাষায়, “আমার মনে হয় না আরেকটা বিশ্বকাপে খেলব। বয়সে এটা স্বাভাবিক ভাবনা। শরীর কেমন থাকে, তা-ই শেষ কথা বলবে।” তিনি আরও বলেন, “এই মৌসুম শেষ করব, প্রি-সিজন কাটাব, তারপর আগামী ছয় মাসে দেখব শরীর কেমন থাকে। আশা করি ভালোভাবে এমএলএস মৌসুম শেষ করে সিদ্ধান্ত নিতে পারব।”
দেশের মাটিতে শেষ বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে পারা মেসির জন্য ছিল স্বপ্নপূরণের মতো অভিজ্ঞতা। তিনি বলেন, “বার্সেলোনায় আমি অনেক ভালোবাসা পেয়েছি, কিন্তু নিজের দেশেও সেটা পাওয়ার স্বপ্ন ছিল। ক্যারিয়ারে আমরা অনেকবার হেরেছি, একসময় জিতেছি। যা কিছু পেয়েছি, তা সত্যিই অসাধারণ।”
ইন্টার মিলানের ফরোয়ার্ড লাওতারো মার্টিনেজও দারুণ আবেগ নিয়ে ভাগ করে নেন অভিজ্ঞতা। তার ভাষায়, “লিও শুধু খেলোয়াড় নন, তিনি নেতা। প্রতিদিন আমাদের শেখান কীভাবে অনুপ্রাণিত থাকতে হয়। এমন রাত সারাজীবন মনে থাকবে।”
দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। নিজেদের শেষ ম্যাচে আগামী মঙ্গলবার ইকুয়েডরের মাঠে নামবে তারা। তবে সেই ম্যাচে থাকছেন না মেসি।



