
পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ১৩ আগস্টের দিকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তার আশপাশে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে সারাদেশে ব্যাপক বৃষ্টি এবং কখনো কখনো ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
আগামী কয়েকদিনে আবহাওয়ার অবস্থার পরিবর্তন সম্পর্কে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, ৯ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, যেখানে কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। বিশেষত ১২ এবং ১৩ আগস্ট রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এসময় সারাদেশে দমকা হাওয়া প্রবাহিত হতে পারে এবং তাপমাত্রা কিছুটা কমে আসবে।
পর্যটকদের জন্য বিশেষ পরামর্শ:
যেহেতু চলতি সপ্তাহে বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে আবহাওয়া অস্থির থাকবে, তাই দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে যাওয়া ভ্রমণপ্রিয় নাগরিক ও পর্যটকদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। পাহাড়ি ও বন্যা প্রবণ এলাকার পাশাপাশি নদী পাড়ের পর্যটন স্পটগুলোতে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকা জরুরি। ভারী বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসের ঝুঁকি থাকতে পারে যা ভ্রমণের সময় অসুবিধা সৃষ্টি করতে পারে।
পর্যটনমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উচিত প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা এবং ভ্রমণকারীদের জন্য আবহাওয়া সংক্রান্ত আপডেট প্রদান অব্যাহত রাখা।



