সিলেটে উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত: দুই রেল কর্মকর্তা সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

 পর্যটন সংবাদ ডেস্ক : সিলেটের মোগলাবাজার রেলস্টেশনের কাছে উদয়ন এক্সপ্রেস ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হওয়ার ঘটনায় বাংলাদেশ রেলওয়ে দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন লোকোমাস্টার মো. ইলিয়াস এবং সহকারী লোকোমাস্টার জহিরুল ইসলাম নোমান।

শনিবার (৭ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হওয়ায় সিলেট রুটে ট্রেন চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকে। এতে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসসহ একাধিক ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

ঘটনার পরপরই বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল ম্যানেজারের নির্দেশে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটিতে রয়েছেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা), বিভাগীয় প্রকৌশলী-২ (ঢাকা), বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (লোকো), ঢাকা এবং বিভাগীয় সিগন্যাল ইঞ্জিনিয়ার, ঢাকা।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ নূরুল ইসলাম জানান, “দুর্ঘটনার পরপরই উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি, তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Read Previous

দ্বিতীয়বারের মতো শুরু হলো অনলাইন ট্যুরিজম মেলা–২০২৫

Read Next

চলনবিলে অতিথি পাখির আগমন: প্রকৃতির রঙে ভরে উঠেছে সিরাজগঞ্জ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular