
পর্যটন সংবাদ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত প্রতারণার ঘটনা বাড়ছে। বিষয়টি নজরে আসায় বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) কমিশনের মুখপাত্র ও পরিচালক মো. আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো অ্যাপে প্রতারকচক্র বিনিয়োগকারীদের লোভনীয় বার্তা পাঠিয়ে ফাঁদে ফেলছে। প্রথমে সামান্য মুনাফা দেখিয়ে আস্থা অর্জন করা হলেও পরবর্তীতে অধিক মুনাফার প্রলোভনে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। শেষ পর্যন্ত ভুক্তভোগীর বিনিয়োগ আটকে দিয়ে প্রতারকরা ব্লক করে দেয়।
বিনিয়োগকারীদের উদ্দেশে বিএসইসি জানিয়েছে, নিবন্ধিত স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার বা পোর্টফোলিও ম্যানেজারের বাইরে কোনো লেনদেনে জড়ানো যাবে না। নিজ নামে বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্ট ছাড়া শেয়ার কেনাবেচা আইনসিদ্ধ নয়। তাই প্রতিটি লেনদেন সঠিকভাবে বিনিয়োগকারীর নিজস্ব বিও অ্যাকাউন্টে প্রতিফলিত হচ্ছে কি না তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে কমিশন।
একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যে কোনো প্রতারণামূলক প্রস্তাব, কিংবা পুঁজিবাজার সংক্রান্ত অনিয়মের তথ্য কমিশনের মার্কেট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে জানানোর অনুরোধ করা হয়েছে।
বিএসইসি মনে করিয়ে দিয়েছে—বিনিয়োগকারীর স্বার্থ রক্ষার জন্য সচেতনতা সবচেয়ে জরুরি। লোভনীয় প্রস্তাবে প্রলুব্ধ না হয়ে আইনসিদ্ধ পদ্ধতিতেই পুঁজিবাজারে বিনিয়োগ করতে হবে।



