
পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা জেলার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করেছে সরকার। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসি স্বাক্ষরিত এক পরিপত্রে রোববার (১৭ আগস্ট) এ ঘোষণা জারি করা হয়।
ঘোষণার ফলে আগামী সেপ্টেম্বর থেকে সাভারে টানেল ও হাইব্রিড হফম্যান কিলন (এইচএইচকে) ছাড়া অন্য কোনো ইটভাটায় ইট পোড়ানো যাবে না। একই সঙ্গে উন্মুক্ত স্থানে কঠিন বর্জ্য পোড়ানো, নতুনভাবে বায়ুদূষণ সৃষ্টিকারী শিল্প কারখানা স্থাপন বা পরিবেশগত ছাড়পত্র দেওয়াও নিষিদ্ধ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের সার্বক্ষণিক বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সাভারের বায়ুর মান জাতীয় নির্ধারিত মানমাত্রার প্রায় তিন গুণ ছাড়িয়ে গেছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে প্রায় পাঁচ মাস ধরে প্রবাহিত বাতাস সাভারের দূষণ ঢাকায় নিয়ে আসে, যা রাজধানীর ঘনবসতিপূর্ণ জনগোষ্ঠীর ওপর ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
সরকার আশা করছে, এ ঘোষণার ফলে সাভার ও ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে আসবে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত হবে।



