সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হকের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

পর্যটন সংবাদ ডেস্ক: সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির প্রধান কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী উপপরিচালক সোহানুর রহমানকে এ অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, অভিযোগগুলো প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে অনুসন্ধান শুরু করা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট নথি সংগ্রহের কাজ চলছে।

অভিযোগে বলা হয়েছে, দায়িত্বে থাকাকালে শহীদুল হক ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম ও দুর্নীতি করেছেন। সরকারি অর্থ অপচয়, রাষ্ট্রবিরোধী চুক্তি সম্পাদন, অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

১৯৮৬ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন শহীদুল হক। পরে বিশেষ ছুটিতে থেকে ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত দীর্ঘ ১১ বছর তিনি মন্ত্রণালয়ের বাইরে ছিলেন। ২০১৩ সালের জানুয়ারিতে তাকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেয় সরকার। এর আগে তিনি জেনেভায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারিত্ব শাখায় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

দুদকের অনুসন্ধান প্রক্রিয়া এগোলে এ বিষয়ে আরও তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Read Previous

বেসিক ব্যাংকের টাকা আত্মসাত: ব্যবসায়ী সিংকু আকরামুজ্জামানের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

Read Next

বিশ্বকাপ বাছাইয়ের জন্য আর্জেন্টিনার প্রাথমিক দল ঘোষণা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular