
পর্যটন সংবাদ ডেস্ক: প্রযুক্তি দুনিয়ায় আবারও আলোচনায় এসেছে অ্যাপল। কোম্পানিটি উন্মোচন করেছে তাদের নতুন এবং এখন পর্যন্ত সবচেয়ে পাতলা স্মার্টফোন ‘আইফোন এয়ার’। পুরো টাইটেনিয়াম বডি আর সামনে-পেছনে সিরামিক শিল্ড গ্লাসে তৈরি এই ডিভাইস ইতিমধ্যেই নজর কাড়ছে প্রযুক্তিপ্রেমীদের।
৯৯৯ মার্কিন ডলার মূল্যে বাজারে আসছে ফোনটির ২৫৬ জিবি সংস্করণ। বিশেষত্বের জায়গায় আছে নকশা—যেটি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আবিদুর চৌধুরী। জন্ম ও বেড়ে ওঠা ব্রিটেনে হলেও বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে থাকেন।
আবিদুর নিজেকে পরিচয় দেন একজন ‘সমস্যা সমাধানকারী’ হিসেবে। তার লক্ষ্য, এমন পণ্য তৈরি করা যা ছাড়া ব্যবহারকারীরা চলতে পারবেন না। লাফবারো ইউনিভার্সিটি থেকে প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড টেকনোলজিতে ডিগ্রি নেয়ার পর তিনি কিছুদিন লন্ডনে ফ্রিল্যান্স ডিজাইনার হিসেবে কাজ করেন। ২০১৯ সালের জানুয়ারিতে যোগ দেন অ্যাপলে। এর পর থেকে সাত বছরের বেশি সময় ধরে কোম্পানির গুরুত্বপূর্ণ পণ্য উন্নয়নে যুক্ত আছেন তিনি।
আইফোন এয়ার-এর নকশা শুধু সৌন্দর্য নয়, কার্যকারিতার দিক থেকেও অনন্য। ক্যামেরা প্ল্যাটফর্ম এমনভাবে সাজানো হয়েছে যাতে চিপসেট ও সিস্টেম মডিউলগুলো কম জায়গায় বসানো যায় এবং বাড়তি জায়গা কাজে লাগানো হয় উচ্চ ক্ষমতার ব্যাটারির জন্য। ফোনটিতে রয়েছে এআই-চালিত ফটোগ্রাফি ও ব্যাটারি অপটিমাইজেশন সফটওয়্যার, যা পারফরম্যান্সকে বড় মডেলগুলোর সমান শক্তিশালী করে তুলবে।
আইফোন এয়ার ছাড়াও অ্যাপল ঘোষণা দিয়েছে আরও তিনটি মডেলের—আইফোন ১৭, আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্স। নতুন সিরিজে যুক্ত হয়েছে উন্নত ক্যামেরা প্রযুক্তি, অ্যাপল এ১৯ প্রো চিপ, আর বড় ডিসপ্লে। খুব শিগগিরই এসব মডেলের প্রি-অর্ডার শুরু হবে।



