শ্রীলঙ্কার গল: উপনিবেশিক ইতিহাস ও সমুদ্র সৌন্দর্যের মুগ্ধকর মিলন

পর্যটন সংবাদ ডেস্ক:দক্ষিণ শ্রীলঙ্কার দ্বীপপাড়ের মনোরম শহর গল (Galle) যেন ইতিহাস আর প্রকৃতির নিঃশব্দ আলিঙ্গন। চারপাশে নীল সমুদ্রের স্নিগ্ধতা, শহরের মাঝখানে রয়েছে ১৭শ শতাব্দীতে নির্মিত ডাচ দুর্গ— গল ফোর্ট, যা শহরটিকে করেছে অনন্য। এখানকার পরিচ্ছন্ন রাস্তাঘাট, ট্রাফিকবিহীন পরিবেশ এবং বন্ধুসুলভ স্থানীয়দের আতিথেয়তা যে কোনো পর্যটকের মন ছুঁয়ে যাবে।

শহরের অন্যতম আকর্ষণ গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, যা একদিকে বিস্তৃত সমুদ্র এবং অন্যদিকে গল ফোর্টের ইতিহাসসমৃদ্ধ দেয়াল দ্বারা পরিবেষ্টিত। এটি বিশ্ব ক্রিকেটের অন্যতম সুন্দর স্টেডিয়াম হিসেবে পরিচিত।

গল শহরে ঘুরে দেখার সবচেয়ে জনপ্রিয় বাহন হলো ‘টুকটুক’, যা বাংলাদেশের অটোরিকশার মতো হলেও অনেক বেশি রঙিন এবং আকর্ষণীয়। অনেক চালক আবার পর্যটকদের গাইড হিসেবেও কাজ করেন।

সমুদ্রপ্রেমীদের জন্য গল যেন স্বর্গ। শহরের আশপাশে রয়েছে উনাওয়াতুনা, জাঙ্গা, মিরিসা এবং থাল্পে বিচ— যেখানে কোলাহল নেই, ভিড় নেই, শুধু প্রশান্তি। গোধূলির সময় সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে মনে হয় গোটা মহাসাগর কেবল আপনার জন্যই অপেক্ষা করছে।

গল লাইটহাউজ, শহরের অন্যতম দর্শনীয় স্থাপনা, প্রথম নির্মিত হয় ১৮৪৮ সালে। আগুনে ধ্বংসের পর ১৯৩৯ সালে এটি পুনর্গঠিত হয়। লাইটহাউজের চূড়া থেকে দেখা যায় চারপাশের সমুদ্র, পাথরের প্রাচীর ও শহরের ছায়া— এক ফ্রেমে ইতিহাস আর প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।

ডাচ ফোর্ট এলাকার ভিতরে ঢুকলেই মনে হয় সময় থেমে গেছে। চারশো বছরের পুরোনো ইউরোপীয় ঘরবাড়ি, কাঠের জানালাওয়ালা গির্জা, ইংরেজ আমলের সাইনবোর্ড, এমনকি শতবর্ষ পুরোনো বাসভবনের নামফলকও গল্প বলে যায় এক অতীত ইতিহাসের। অল সেন্টস চার্চের মতো স্থাপনাগুলো যেন বহু সভ্যতার একত্র বাসস্থানের নিরব সাক্ষী।

নগর ব্যবস্থাপনাতেও গল এক অনুকরণীয় শহর। শহরজুড়ে পরিচ্ছন্নতা ও ট্রাফিক শৃঙ্খলা নজর কাড়ে। স্কুল সময় ছাড়া কোথাও হর্ন কিংবা বিশৃঙ্খলা নেই। এমনকি শিশুরাও ট্রাফিক নিয়ন্ত্রণে স্বেচ্ছায় কাজ করে— এক অভাবনীয় দৃশ্য।

আর গল শহরের রাত? একেবারে জাদুকরী। নীরব রাস্তায় শুধু সমুদ্রের ঢেউয়ের শব্দ— ঝকঝকে নিরাপদ পরিবেশে রাতের গল অনায়াসে আপনাকে মুগ্ধ করে দেবে।

গল এমন একটি শহর, যেখানে প্রতিটি মোড়ে লুকিয়ে থাকে গল্প— কখনো উপনিবেশিক স্মৃতি, কখনো বা সমুদ্রের নিঃশব্দ আহ্বান। গল শুধু দেখার জন্য নয়, অনুভব করার জন্য এক অনন্য গন্তব্য।

Read Previous

কক্সবাজারে মানব পাচার বাড়ছে, পর্যটন সম্ভাবনার ওপর নতুন হুমকি

Read Next

পর্যটন খাতে ধস: স্থবির হয়ে পড়েছে সম্ভাবনাময় শিল্প

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular