
পর্যটন সংবাদ ডেস্ক: রূপালী ব্যাংক পিএলসি’র সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি)-এর ২৬তম সভা অনুষ্ঠিত হয়েছে গত ২৩ জুন (সোমবার)। রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন এসএমটি কমিটির চেয়ারম্যান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
সভায় ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল ও যুগোপযোগী করে তুলতে বিভিন্ন কৌশল ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ।
এছাড়াও সভায় অংশ নেন রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয়, অ্যাকাউন্টস রেকনসিলিয়েশন ব্রাঞ্চ ট্রানজেকশন অ্যাডমিনিস্ট্রেশন (আরবিটিএ), রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড ও রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকা উত্তর ও দক্ষিণ বিভাগীয় কার্যালয় এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপকরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা ব্যাংকের সার্বিক অগ্রগতি, গ্রাহকসেবা উন্নয়ন, প্রযুক্তি ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং জাতীয় অর্থনীতিতে রূপালী ব্যাংকের ইতিবাচক ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।
রূপালী ব্যাংকের এমন নিয়মিত সভা ব্যাংকিং খাতকে শক্তিশালী করার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।



