১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে গুগল পে চালু: ডিজিটাল অর্থনীতির পথে নতুন যুগ, পর্যটন খাতেও মিলবে সুফল

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হলো গুগল পে চালুর মধ্য দিয়ে। মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এই উদ্ভাবনী পদক্ষেপের ফলে দেশের পর্যটন খাতেও এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ। এছাড়াও গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড ও ভিসার বাংলাদেশ কান্ট্রি ম্যানেজারসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, “আমরা ক্যাশলেস সমাজ গঠনের পথে এগিয়ে যাচ্ছি। গুগল পে চালুর মাধ্যমে বাংলাদেশ আরও এক ধাপ অগ্রসর হলো।” তিনি জানান, এই ধরনের আধুনিক আর্থিক প্রযুক্তি শুধু অর্থনীতিকেই এগিয়ে নেবে না, বরং পর্যটন খাতের জন্যও তা অত্যন্ত সহায়ক হবে।

তিনি আরও বলেন, “যখন বিদেশি পর্যটক বা বিনিয়োগকারী দেশে আসবেন, তাদের জন্য নিরাপদ ও দ্রুত লেনদেন ব্যবস্থা থাকলে দেশের ভাবমূর্তি যেমন উন্নত হবে, তেমনি বিনিয়োগ ও ভ্রমণ অভিজ্ঞতাও হবে ইতিবাচক।”

ডিজিটাল পেমেন্টের এই যুগান্তকারী উদ্যোগের মাধ্যমে পর্যটকেরা হোটেল, রেস্টুরেন্ট, পরিবহন ও কেনাকাটাসহ নানা সেবা সহজেই উপভোগ করতে পারবেন, যা পর্যটন শিল্পের টেকসই বিকাশে সহায়ক হবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, “গুগল ওয়ালেটের সূচনার মাধ্যমে আমরা স্মার্ট ও সুবিধাজনক পেমেন্ট সল্যুশনের পথ খুলে দিলাম। এটি শুধু নগরবাসী নয়, পর্যটকদের জন্যও হবে এক নতুন অভিজ্ঞতা।”

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে বলে জানান গভর্নর। আর্থিক খাতকে সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে ঝুঁকিভিত্তিক নিরীক্ষাও চলমান রয়েছে। এসব পদক্ষেপ একত্রে বাংলাদেশকে একটি স্থিতিশীল ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে এগিয়ে নিয়ে যাবে, যা দেশের পর্যটনশিল্পে আস্থা ফিরিয়ে আনবে।

Read Previous

শ্রীলঙ্কায় পর্যটনে বিপ্লব: ৩ হাজার একর জমি উন্মুক্ত, ‘ল্যান্ড ব্যাংক’ চালু

Read Next

রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের ২৬তম সভা অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular