
পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানীর বাজারে টানা তিন মাসেরও বেশি সময় ধরে সবজির দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। বেশিরভাগ সবজি কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকার কমে মিলছে না, যা সাধারণ ক্রেতাদের জন্য বড় চাপ তৈরি করেছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুর ও কাওরান বাজার ঘুরে দেখা যায়, বরবটি কেজি ১০০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ধন্দুল ৮০ টাকা, শসা ১০০ টাকা, কাঁকরোল ৮০ টাকা এবং পটল ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া অন্যান্য সবজির মধ্যে পেঁপে কেজি ৩০ টাকা, জালি লাউ প্রতি পিস ৫০ টাকা, লাউ ৬০ টাকা, মুলা ৮০ টাকা, টমেটো ১৪০ টাকা, করলা ৮০ টাকা, গোল বেগুন ১৪০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, শিম ২৪০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, কচু ৬০ টাকা, কাঁচামরিচ ২৪০ টাকা এবং গাজর ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। কলা প্রতি হালি ৪০ টাকা।
ভোক্তাদের হতাশা
রাজধানীর মোহাম্মদপুর বাজারে আসা বেসরকারি চাকরিজীবী রাশেদুল করিম বলেন,
“গত তিন মাস ধরে সবজির অতিরিক্ত দামে আমরা ভালো করে বাজার করতে পারছি না। কেউ আধা কেজি, কেউ ২৫০ গ্রাম করে সবজি কিনছে। সাধারণ মানুষের জন্য এত বেশি দামে বাজার করা কঠিন হয়ে পড়েছে।”
তিনি অভিযোগ করেন, বাজারে কোনো ধরনের কার্যকর মনিটরিং নেই। ফলে খুচরা বিক্রেতারা নিজের মতো করে দাম বাড়াচ্ছে।
বিক্রেতাদের ব্যাখ্যা
কাওরান বাজারের সবজি ব্যবসায়ী সালাউদ্দিন মিয়া জানান,
“বেশিরভাগ মৌসুমি সবজির সময় এখন শেষ। নতুন সবজি ওঠা শুরু না হওয়া পর্যন্ত বাজারে দাম বেশি থাকবে। সরবরাহ কম হওয়ায় পাইকারিতেই বেশি দামে কিনতে হচ্ছে, সেই প্রভাব খুচরা বাজারে পড়ছে।”
সামনের দিনগুলো
বিক্রেতাদের আশা, নতুন মৌসুমি সবজি বাজারে আসা শুরু হলে ধীরে ধীরে দাম কমে আসবে। তবে ততদিন পর্যন্ত ভোক্তাদের কষ্ট বাড়ছেই।



