
নিজস্ব প্রতিনিধি। পর্যটন সংবাদ: রাঙামাটি পৌরসভা নাগরিক সেবা নিশ্চিত না করে হঠাৎ কর বৃদ্ধি করায় সাধারণ মানুষ উদ্বিগ্ন। এ নিয়ে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় পৌরসভা প্রাঙ্গণে মানববন্ধন ও নাগরিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাঙামাটি পার্বত্য জেলা কমিটি।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জুঁই চাকমা। বক্তব্য রাখেন পার্টির সদর উপজেলা সভাপতি অমর চাকমা, ভূক্তভোগী নাগরিক সাহিদা বেগমসহ অন্য নেতারা।
মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ জানান, শহরে মৌলিক সেবা কার্যত নেই। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেই, প্রতিদিন চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা বাড়ছে। ফুটপাত দখলমুক্ত না হওয়ায় মানুষ চলাচলে সমস্যা পাচ্ছেন। কাপ্তাই হ্রদে কচুরীপনা জমে জল দূষণ ও দুর্গন্ধ ছড়াচ্ছে। শহরে জলাবদ্ধতা ও যানজট নিত্যদিনের সমস্যা।
সাহিদা বেগম বলেন, জন্মনিবন্ধন বা নাগরিক সনদ করতে গেলে হয়রানি ছাড়া কিছু হয় না। পৌরসভা সেবা দিতে ব্যর্থ হলেও কর বাড়াচ্ছে, যা জনদুর্ভোগ বাড়াচ্ছে।
অমর চাকমা অভিযোগ করেন, পৌরসভা এখতিয়ার বহির্ভূতভাবে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করেছে, যা অবৈধ এবং অন্যায্য। নির্মল বড়ুয়া মিলন বলেন, নাগরিক সেবা উন্নয়ন না করে শুধুমাত্র রাজস্ব আদায়কে প্রাধান্য দেওয়া হচ্ছে। তাই কর বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
সমাবেশে বক্তারা সতর্ক করে বলেন, নাগরিক সেবা নিশ্চিত না হলে আন্দোলন আরও জোরদার হবে। তারা সরকারের কাছে টিসিবির ফ্যামিলি কার্ড সংখ্যা বাড়ানোরও দাবি জানান।
জুঁই চাকমা বলেন, রাঙামাটির মানুষ উন্নত নাগরিক সেবা চান। শুধু কর বৃদ্ধি নয়, শহরকে বাসযোগ্য রাখতে প্রয়োজন সুশাসন, স্বচ্ছতা ও কার্যকর সেবা। এখন দেখার বিষয়, পৌরসভা কতটা দায়বদ্ধতার সঙ্গে এই প্রত্যাশা পূরণ করতে পারে।



