
পর্যটন সংবাদ ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে আগামী শুক্রবার, ২৭ জুন। নয়দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসবের সমাপ্তি ঘটবে ৫ জুলাই শনিবার, উল্টো রথযাত্রার মধ্য দিয়ে।
রাজধানীর অন্যতম ধর্মীয় পর্যটন গন্তব্য স্বামীবাগ ইসকন মন্দির থেকে শুরু হয়ে এ উৎসব প্রতিবারের মতো এবারও সড়কজুড়ে জমকালো রথযাত্রা মিছিল, কীর্তন ও পূজা-অর্চনার মধ্য দিয়ে উদযাপিত হবে। ফলে এই সময়টায় পর্যটকদের এবং নগরবাসীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ যান চলাচল নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৭ জুন ও ৫ জুলাই, উভয় দিন বিকেল ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকার রথযাত্রা রুটে যানচলাচলে নিয়ন্ত্রণ থাকবে এবং সংশ্লিষ্ট সড়কগুলো যথাসম্ভব এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।
রথযাত্রা ও উল্টো রথযাত্রার নির্ধারিত রুট:
স্বামীবাগ ইসকন মন্দির → জয়কালী মন্দির → ইত্তেফাক মোড় → শাপলা চত্বর → দৈনিক বাংলা মোড় → বায়তুল মোকাররম উত্তর গেট → পল্টন মোড় → প্রেস ক্লাব → কদম ফোয়ারা → হাইকোর্ট মাজার → দোয়েল চত্বর → শহীদ মিনার → জগন্নাথ হল → পলাশী → ঢাকেশ্বরী মন্দির।
এদিকে উৎসব ঘিরে ঢাকার বিভিন্ন মন্দির ও ইসকন কেন্দ্রগুলোতে আয়োজিত হয়েছে নানা ধরনের মাঙ্গলিক অনুষ্ঠান, ধর্মীয় সংগীত ও প্রসাদ বিতরণ কার্যক্রম। বিদেশি পর্যটকদের মধ্যেও এ উৎসব ঘিরে দেখা যাচ্ছে বাড়তি আগ্রহ। রাজধানীর ঐতিহ্যবাহী এই ধর্মীয় শোভাযাত্রা প্রত্যক্ষ করতে ইতোমধ্যেই বিভিন্ন দেশের সনাতন পর্যটক ও গবেষকেরা ঢাকায় পৌঁছাতে শুরু করেছেন।
পর্যটকদের জন্য বিশেষ পরামর্শ:
- উৎসব দেখতে গেলে নির্ধারিত সময় ও রুট সম্পর্কে আগে থেকে অবগত থাকুন।
- যানজট এড়াতে হেঁটে বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন।
- নিরাপত্তা বাহিনীর নির্দেশনা মেনে চলুন এবং ধর্মীয় উৎসবের প্রতি শ্রদ্ধাশীল থাকুন।
রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ঢাকার সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য পরিচায়ক। তাই স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য এটি একটি বিরল অভিজ্ঞতার সুযোগ, যা প্রতিবছর শহরের সংস্কৃতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে।



