
পর্যটন সংবাদ ডেস্ক: পরিবেশ সুরক্ষায় নাগরিকদের আরো সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “দেশের প্রতিটি নাগরিক যদি সিদ্ধান্ত নেয় যে সপ্তাহে অন্তত একদিন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার করবেন না, তাহলে ক্রমান্বয়ে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনা সম্ভব হবে। এই সংকল্প ছাড়া পরিবেশ রক্ষার পথে এগুনো কঠিন।”
বুধবার (২৫ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৫ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, “প্লাস্টিক কেবল মানুষ নয়, পৃথিবীর সব প্রাণীর জন্যই বিষ। প্রতিদিন জনসংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে জনপ্রতি প্লাস্টিকের ব্যবহারও। এখনই সিদ্ধান্ত নিতে হবে—আজ থেকেই প্লাস্টিক বর্জন শুরু করব।”
তিনি আরও বলেন, “পরিবেশ ধ্বংসের হাত থেকে নিজেকে ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় জীবনের প্রতিটি ক্ষেত্রে সচেতন পরিবর্তন আনা জরুরি। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে হবে। তারাই পারে আগামী দিনের পৃথিবীকে বাসযোগ্য রাখতে নেতৃত্ব দিতে।”
প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে একটি সোনালু গাছ রোপণ করে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। তাঁরা সবাই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জনের ওপর জোর দেন এবং সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া এ আন্দোলন সফল হবে না বলেও উল্লেখ করেন।



