পর্যটন সংবাদ ডেস্ক: আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) থেকে সারাদেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। করোনা এবং ডেঙ্গু সংক্রমণের বর্তমান পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে পরীক্ষার্থীদের জন্য কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী এইচএসসি, আলিম এবং কারিগরি সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।
পরীক্ষা চলাকালীন সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পরীক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাস্ক পরা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়া, কেন্দ্রের চারপাশে পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, মশা নিধনের জন্য ওষুধ স্প্রে, আসন বিন্যাসে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং প্রতিটি কেন্দ্রে মেডিকেল টিম সক্রিয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা, রাজশাহী, যশোর, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ— এই ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ছাড়াও মাদরাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষার্থীরাও অংশ নিচ্ছেন।
প্রথম দিনের পরীক্ষা সূচি অনুযায়ী
- ৯টি সাধারণ বোর্ডে বাংলা প্রথমপত্র
- মাদরাসা বোর্ডে কোরআন মাজিদ
- কারিগরি বোর্ডে বিএম/বিএমটি বিষয়ের পরীক্ষা
সব বোর্ডেই পরীক্ষা শুরু হবে সকাল ১০টায় এবং শেষ হবে দুপুর ১টায়।
স্বাস্থ্যসচেতনতা প্রচারে জোর
পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের জটলা নিরুৎসাহিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, “স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা নিশ্চিতে বোর্ডের একাধিক টিম তদারকির দায়িত্বে থাকবে। পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা আমাদের অগ্রাধিকার।”
করোনাভাইরাস ও ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় এবারের এইচএসসি পরীক্ষার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। আশা করা হচ্ছে, স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হবে এবারের পরীক্ষা।



