
পর্যটন সংবাদ ডেস্ক: খাগড়াছড়ির মানিকছড়িতে অবস্থিত “অ্যান্ড্রয়েড ইকো-টুরিজম পার্ক” পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। শুক্রবার সকাল ১১টার দিকে তিনি পার্কের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন এবং পার্কের সৌন্দর্য ও পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেন।
দর্শন শেষে পার্কের সানসেট পয়েন্টে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি। এ সময় তিনি পরিবেশবান্ধব পর্যটন উন্নয়নে এমন উদ্যোগকে উৎসাহব্যঞ্জক বলে উল্লেখ করেন এবং পার্কটির উন্নয়নে প্রশাসনিকভাবে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন।
বিভাগীয় কমিশনার বলেন, “অ্যান্ড্রয়েড ইকো-টুরিজম পার্ক একটি নতুন ধারার পর্যটন কেন্দ্র। এটি শুধু বিনোদন নয়, পরিবেশ সচেতনতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” তিনি আরও জানান, জাতীয় বৃক্ষরোপণ স্বীকৃতি-২০২৪ অর্জন করায় সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসনসহ সবাইকে ধন্যবাদ জানান।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক বিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফতকা আলী, মানিকছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত কুমার দাশ, উপজেলা প্যানেল চেয়ারম্যান মো. মোশারফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ধরনের ইকো-টুরিজম উদ্যোগ পাহাড়ি এলাকার টেকসই উন্নয়নের পাশাপাশি পর্যটনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



