
পর্যটন সংবাদ ডেস্ক: দেশজুড়ে কয়েকদিন ধরেই সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টা দেশের চারটি বিভাগে (রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম) অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের অনেক এলাকায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বিশেষ করে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
এই অবস্থায় উপকূলবর্তী নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত এবং দেশের তিনটি সমুদ্রবন্দরে (চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা) ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার সামগ্রিক চিত্র বিশ্লেষণে জানা যাচ্ছে, মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে। ফলে সেখানে মৌসুমি বায়ু প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার প্রভাব শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাও অব্যাহত থাকতে পারে। এ সময় সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
পর্যটকদের জন্য পরামর্শ:
পর্যটন এলাকার মধ্যে কক্সবাজার, সেন্ট মার্টিন, কুয়াকাটা, সুন্দরবন এবং সিলেট অঞ্চলে যারা ভ্রমণের পরিকল্পনা করেছেন, তাদেরকে আবহাওয়ার পূর্বাভাস অনুসরণ করে পর্যাপ্ত প্রস্তুতি নিতে এবং অপ্রয়োজনে সমুদ্র কিংবা ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত না করার অনুরোধ জানানো হয়েছে।
বৃষ্টি আর বাতাসে প্রকৃতির রূপ আরও রঙিন হলেও, নিরাপত্তাই সবার আগে—এমন বার্তাই দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর।



