
পর্যটন সংবাদ ডেস্ক: মাগুরা শহরের জামরুলতলা ও পুরাতন বাজার এলাকায় ভেজাল ও নকল শিশুখাদ্য বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পরিচালিত এ অভিযানে শহরের জামরুলতলা এলাকার মেসার্স সুভাষ স্টোর থেকে বিপুল পরিমাণ অননুমোদিত ও নিম্নমানের শিশুখাদ্য জব্দ করা হয়। এসব খাদ্যপণ্যে অনুমোদনের সিল, উৎপাদন কিংবা মেয়াদোত্তীর্ণতার তারিখ কোনোটি উল্লেখ ছিল না। এমনকি শিশুদের আকৃষ্ট করতে এসব খাবারের সঙ্গে প্লাস্টিকের খেলনা ও নানা উপহারও দেওয়া হচ্ছিল।
অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, নকল ও মেয়াদহীন শিশুখাদ্য শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় দোকান মালিক সুভাষ কুমার বিশ্বাসকে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড না ঘটে, সে বিষয়ে সতর্ক করা হয়েছে।
অভিযানে জেলা পুলিশের একটি টিম সহায়তা করে। এ সময় বাজারের অন্যান্য দোকানও তদারকি করা হয়। ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন ও রসিদ সংরক্ষণ বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে অযৌক্তিকভাবে পণ্যের দাম না বাড়ানোর বিষয়ে সতর্ক করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, জনস্বার্থে ভেজালবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত চলবে।



