খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধে যানবাহন চলাচল বন্ধ

পর্যটন সংবাদ ডেস্ক: খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

অবরোধ চলাকালে জেলার অন্তত ১০-১২টি স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। তবে এখনো কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

অবরোধের ডাক দেয় পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটি—ইউপিডিএফ সমর্থিত এই তিন সংগঠন। মানিকছড়ির তবলাপাড়ায় সংঘটিত সাম্প্রতিক ঘটনার প্রতিবাদ ও দায়ীদের গ্রেপ্তারের দাবিতে তারা এই কর্মসূচি আহ্বান করে।

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের চেঙ্গীব্রিজ এলাকায় এবং পানছড়ি সড়কের টেকনিক্যাল স্কুলের সামনে সকালে টায়ার জ্বালিয়ে অবরোধকারীরা যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ গিয়ে আগুন নেভায় ও প্রতিবন্ধকতা সরিয়ে নেয়। এছাড়া বিভিন্ন এলাকায় চোরাগোপ্তা পিকেটিংয়ের ঘটনাও ঘটে।

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, শহরের প্রবেশ পথে অবরোধকারীরা বাধা সৃষ্টি করতে চাইলে পুলিশ তা ব্যর্থ করে দেয়। ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো নিরাপদে শহরে প্রবেশ করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর মানিকছড়ির তবলাপাড়ায় কয়েকজন সন্দেহভাজনকে স্থানীয়রা আটক করলে পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে উত্তেজনা দেখা দেয়। এ সময় লাঠিচার্জ ও গুলিবর্ষণের অভিযোগ তোলে পাহাড়ি ছাত্র পরিষদ।

Read Previous

ডাকসু নির্বাচনে ভিপি পদে সাদিক কায়েমসহ শিবির সমর্থিত প্যানেলের জয়

Read Next

মাগুরায় ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular