
নিজস্ব প্রতিবেদক │ পর্যটন সংবাদ: বাণিজ্য ব্যবস্থাপনায় নানা প্রতিকূলতা থাকলেও ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আয়ে সাফল্য দেখিয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দেওয়া তথ্য অনুযায়ী, এ সময় ভোমরা বন্দর থেকে ৯৭৮ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার ৮৯৯ টাকা রাজস্ব আদায় হয়েছে।
প্রথমে বন্দরের জন্য রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৯৪৬ কোটি ২৩ লাখ টাকা। তবে প্রত্যাশা ছাড়িয়ে অতিরিক্ত ৩২ কোটি ৫৪ লাখ ৯৮ হাজার ৮৯৯ টাকা রাজস্ব এসেছে সরকারের কোষাগারে।
কাস্টমস সূত্র বলছে, ব্যবসাবান্ধব পরিবেশ, কম খরচে পণ্য পরিবহন এবং দ্রুত পণ্য ছাড়ের কারণে দিন দিন আমদানি-রপ্তানিকারকরা ভোমরার দিকে ঝুঁকছেন। এছাড়া পথে-প্রান্তরে চাঁদাবাজি না থাকায় ব্যবসায়ীরা নিরাপদ বোধ করছেন।
ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, “দ্বিপক্ষীয় কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হলে ভোমরায় আমদানি-রপ্তানি বাড়বে। তাতে রাজস্ব আয়ও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।”
তিনি জানান, সাম্প্রতিক সময়ে আমদানির পাশাপাশি রপ্তানিও বেড়েছে। এ প্রবৃদ্ধি অব্যাহত থাকলে ভোমরা বন্দরের অর্থনৈতিক ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।
এদিকে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ভোমরা বন্দরে রাজস্ব আদায়ের নতুন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৪৮৯ কোটি ৩৩ লাখ টাকা। কাস্টমস কর্তৃপক্ষের আশা, স্বচ্ছ ও অনুকূল পরিবেশ বজায় থাকলে এ লক্ষ্যও অর্জন করা সম্ভব হবে।



