১৩/০৫/২০২৬
৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিসা আবেদনে ব্যাংক নথিতে বাধ্যতামূলক কিউআর কোড, প্রক্রিয়া দ্রুত করতে বিবির নতুন নির্দেশ

পর্যটন সংবাদ ডেস্ক : বাংলাদেশ ব্যাংক (বিবি) সকল তফসিলি ব্যাংককে ভিসা আবেদনের উদ্দেশ্যে ইস্যুকৃত ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট ও বিনিয়োগ সার্টিফিকেটে কুইক রেসপন্স (কিউআর) কোড অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বিদেশি দূতাবাস ও ভিসা প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলোর প্রশাসনিক জটিলতা কমানো এবং আর্থিক নথির যাচাই প্রক্রিয়াকে আরও নির্ভুল ও দ্রুত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বর্তমানে ডিজিটাল যাচাই ব্যবস্থার অভাবে দূতাবাসগুলোতে আর্থিক নথি তাৎক্ষণিকভাবে যাচাই করা কষ্টসাধ্য হয়ে পড়ছে। নতুন নির্দেশনায় কিউআর কোডের মাধ্যমে অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্টধারীর নাম, রিপোর্টের শুরু ও শেষ তারিখের ব্যালেন্স এবং স্টেটমেন্ট তৈরির তারিখসহ পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য সহজেই যাচাই করা যাবে।

নির্দেশনা অনুসারে, কিউআর কোডে থাকা তথ্য নথি ইস্যুর তারিখ থেকে অন্তত ছয় মাস পর্যন্ত ডিজিটালভাবে প্রবেশযোগ্য রাখতে হবে। গ্রাহকদের আর্থিক তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে তথ্য সুরক্ষা আইন ও সাইবার নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালের ১২ মে থেকে ৯০ দিনের মধ্যে সব ব্যাংককে প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুসারে জারিকৃত এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হয়েছে। এই পদক্ষেপ ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও সময়সাশ্রয়ী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Read Previous

বাংলাদেশের বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আসছে তুর্কি জায়ান্ট চেলেবি এভিয়েশন

Read Next

গরমে কিভাবে এবং কেন ভ্রমণ করবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular