
পর্যটন সংবাদ ডেস্ক : বাংলাদেশের বিমানবন্দর সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটতে যাচ্ছে। তুরস্কের শীর্ষস্থানীয় গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানি চেলেবি এভিয়েশনের প্রতিনিধিরা আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকে মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে চেলেবি এভিয়েশনের প্রতিনিধিরা বাংলাদেশে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনায় তাদের আগ্রহের কথা জানান। বাংলাদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত রামিস শেন এবং মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আক্তার (এনডিসি) সভায় উপস্থিত ছিলেন।
মন্ত্রী আফরোজা খানম কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করার প্রয়োজনীয়তার ওপর বিশেষ জোর দেন এবং পর্যটন খাতকে শক্তিশালী করতে চেলেবি এভিয়েশনের সঙ্গে সম্ভাব্য সহযোগিতার কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত যাত্রীসেবার মানোন্নয়নে কোম্পানিকে একটি ধারণাপত্র (কনসেপ্ট পেপার) জমা দিতে আমন্ত্রণ জানান।
সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) ভিত্তিতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে বৈঠকে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, গ্রাউন্ড হ্যান্ডলিং অপারেটর নিয়োগ প্রক্রিয়ায় চেলেবি এভিয়েশনকে অগ্রাধিকার দেওয়া হবে।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিমানবন্দরগুলোতে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত হবে এবং পর্যটন খাতে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।


