
ফাইল ছবি
পর্যটন সংবাদ ডেস্ক: ব্যাংকিং নিয়ম ভেঙে ঋণের নামে প্রায় সাড়ে ৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডেল্টা অ্যাক্সেসরিজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ.কে.এম ফারুক আহমেদ, তার স্ত্রী ফেরদৌস আরা বেগম এবং সাউথইস্ট ব্যাংক লিমিটেডের শীর্ষ ১২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৭ আগস্ট) দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে মামলার বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।
আসামির তালিকায় রয়েছেন— ফারুক আহমেদ ও তার স্ত্রী ছাড়াও সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট শাখার বিভিন্ন পর্যায়ের মোট ১২ কর্মকর্তা, যাদের মধ্যে আছেন ইভিপি, এসইভিপি, এভিপি ও শাখা প্রধানসহ ব্যাংকের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা।
এজাহার অনুযায়ী, আসামিরা অসৎ উদ্দেশ্যে মতিঝিল কর্পোরেট শাখা থেকে ৯টি হিসাবের মাধ্যমে ৫৮ কোটি ৯০ লাখ টাকার বেশি ঋণ গ্রহণ করেন। পরে সুদ ও চার্জ মিলিয়ে ২০২৩ সালের ২৬ নভেম্বর পর্যন্ত ব্যাংকের পাওনা দাঁড়ায় প্রায় ১৫৯ কোটি টাকা। এর মধ্যে ৯১ কোটি টাকা ফেরত দেওয়া হলেও বাকি সাড়ে ৬৮ কোটি টাকা আর পরিশোধ করা হয়নি।
ফলে এই টাকা আত্মসাৎ করে আসামিরা দণ্ডবিধির ৪০৬, ৪০৯ ও ১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে অভিযোগ করেছে দুদক।



