পর্যটন সংবাদ ডেস্ক: গাজা সিটির বাসিন্দাদের পুনর্বাসনের ইসরায়েলি পরিকল্পনাকে ‘নির্লজ্জ প্রতারণা’ বলে আখ্যা দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। রোববার (১৭ আগস্ট) এক বিবৃতিতে তারা জানায়, দক্ষিণ গাজায় তাঁবু ও আশ্রয়কেন্দ্র স্থাপনের প্রস্তুতি আসলে স্থানীয় কয়েক লাখ মানুষের জন্য নতুন বাস্তুচ্যুতি ও ধ্বংসযজ্ঞের শামিল।
ইসরায়েলি সেনাবাহিনী বলছে, যুদ্ধক্ষেত্র থেকে বাসিন্দাদের সরিয়ে তাদের দক্ষিণে নিরাপদ আশ্রয়ে নেওয়ার জন্য তাঁবু ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। কিন্তু হামাস দাবি করছে, মানবিক সহায়তার নামে এই উদ্যোগ একটি ভয়াবহ অপরাধকে আড়াল করার কৌশল ছাড়া আর কিছু নয়।
এদিকে, ইসরায়েল ইতোমধ্যে ঘোষণা দিয়েছে গাজা সিটির উত্তর অংশে নতুন সামরিক অভিযান চালিয়ে এলাকা দখলের পরিকল্পনা রয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকায় প্রায় ২২ লাখ মানুষের বসবাস, আর সেখানে নতুন অভিযানের খবরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১,২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে আটক করে। এখনও প্রায় ২০ জন বন্দী জীবিত আছেন বলে ধারণা করছে ইসরায়েল। অন্যদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে ইসরায়েলের টানা হামলায় এখন পর্যন্ত ৬১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
চলমান যুদ্ধ শুধু প্রাণহানি নয়, ভয়াবহ ক্ষুধা সংকট, ব্যাপক বাস্তুচ্যুতি এবং অবকাঠামো ধ্বংসের মধ্য দিয়ে গাজাকে মানবিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে।
সূত্র: রয়টার্স



