
বেবিচক
পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা, যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারে নতুন নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
রোববার (১০ আগস্ট) জারি করা নির্দেশনায় বলা হয়, যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে বিমানবন্দর এলাকার ডিপারচার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপিতে সর্বোচ্চ দুইজন সঙ্গী প্রবেশ করতে পারবেন। তবে এই সীমাবদ্ধতা টার্মিনালের ভেতরে প্রযোজ্য হবে না।
যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিতে আসা অতিথিদের দ্রুত বিমানবন্দর এলাকা ত্যাগ করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, আগমন ও বহির্গমন গেটে কোনো যাত্রীবাহী গাড়ি সর্বোচ্চ দুই মিনিটের বেশি দাঁড়াতে পারবে না বলে জানায় বেবিচক।
নির্দেশনায় আরও বলা হয়, বিমানবন্দর এলাকায় যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে। অবস্থানকালে সুশৃঙ্খল চলাচল ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানেরও আহ্বান জানানো হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে যাত্রী সেবার মান বৃদ্ধি, ভ্রমণ অভিজ্ঞতা উন্নত এবং বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা করছে কর্তৃপক্ষ।



