
পর্যটন সংবাদ ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, যিনি সাম্প্রতিক সময়ে অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি সরব, এবার প্রকাশ্যে সমালোচনা করলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে।
রোববার (১০ আগস্ট) নিজের ফেসবুক পেজে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করা তিশার একটি ভিডিও শেয়ার করেন শাওন। ভিডিওতে তিশাকে সিনেমাটির অভিজ্ঞতা ও অনুভূতির কথা বলতে দেখা যায়, সঙ্গে যুক্ত ছিল শেখ হাসিনাসহ রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে তার কিছু ছবি।

পোস্টে শাওন ব্যক্তিগত স্মৃতিচারণ করে লিখেছেন, শৈশব থেকেই তিশাকে তিনি চিনতেন এবং বোনের মতো ভাবতেন। অভিনয়ের ক্ষেত্রেও দুজনের ঘনিষ্ঠতা ছিল। তবে বর্তমান বাস্তবতায় তিশার আচরণ ও কথাবার্তাকে ‘অভিনয়’ হিসেবে উল্লেখ করে শাওন বলেন, “ছবিটি দেখা হয়নি, দেখার ইচ্ছেও নেই। বাস্তব জীবনে মেয়েটার যে অভিনয় দেখলাম, শখ মিটে গেছে।”
সবশেষে তিনি হ্যাশট্যাগ দিয়ে তিশাকে উদ্দেশ করে লিখেন— “নাটক কম করো পিও।”
উল্লেখ্য, ভারতের খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগালের নির্মাণে ২০২৩ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছিলেন আরিফিন শুভ, আর ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় ছিলেন নুসরাত ইমরোজ তিশা। মুক্তির পর, বিশেষ করে রাজনৈতিক পরিবর্তনের পর, তিশা নানাভাবে সমালোচনার মুখে পড়েন।



