
পর্যটন সংবাদ ডেস্ক : হজযাত্রীদের যাত্রা আরও সহজ ও নির্বিঘ্ন করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজ খানম শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘রোড টু মক্কা’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
রাত ৯টায় আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ ইবনে ধাফের ইবনে উবাইয়া উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে মন্ত্রী আফরোজ খানম ও প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত হজযাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের কাছে দোয়া চান।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উদ্যোগে চালু হওয়া ‘রোড টু মক্কা’ প্রকল্পের আওতায় হজযাত্রীরা এখন থেকে নিজ দেশে থাকতেই ইমিগ্রেশন, পাসপোর্ট যাচাই-বাছাই এবং স্বাস্থ্য পরীক্ষার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন। ফলে সৌদি আরবে পৌঁছানোর পর আর কোনো জটিলতায় পড়তে হবে না বলে আশা করা হচ্ছে।
এই উদ্যোগ হজযাত্রীদের সামগ্রিক যাত্রা প্রক্রিয়াকে উল্লেখযোগ্যভাবে সহজ করে তুলবে এবং তাদের ধর্মীয় অনুষ্ঠানে মনোনিবেশ করতে সাহায্য করবে।



