
পর্যটন সংবাদ ডেস্ক : শুক্রবার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পবিত্র হজ ফ্লাইট-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুস্থভাবে হজ পালন করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করার অনুরোধ জানান। তিনি বলেন, বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে যেসব উদ্যোগ গ্রহণ করেছে, আল্লাহ যেন তা সম্পূর্ণ করার তৌফিক দান করেন। হজযাত্রীদের সুবিধার্থে এবার টিকেটের মূল্য গতবছরের তুলনায় ১২ হাজার টাকা কমানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সৌদি আরব সরকারের ঘোষিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুসরণ করে এ বছর চার্টার্ড ফ্লাইট ছাড়াই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে ২০৭টি ফ্লাইটে প্রায় ৭৮,৫০০ জন হজযাত্রী পরিবহন করা হবে। উদ্বোধনী ফ্লাইটটি রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করে। আজ মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে, যার মধ্যে ছয়টি বিমান বাংলাদেশ, চারটি সৌদিয়া এবং চারটি ফ্লাইনাসের।
এ উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ২০২৬ সালের হজ যাত্রা, যা হজযাত্রীদের জন্য সুষ্ঠু ও স্বাচ্ছন্দ্যপূর্ণ ভ্রমণ নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন বলে মনে করা হচ্ছে।


