
পর্যটন সংবাদ ডেস্ক : পাম বিচ কাউন্টির কাউন্টি কমিশনাররা রাজ্য অনুমোদনের পর ৪-৩ ভোটে পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম ডোনাল্ড ট্রাম্পের নামে পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। নতুন নাম হবে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’।
মঙ্গলবারের এই সিদ্ধান্তের মাধ্যমে ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত একটি কোম্পানির সাথে নামকরণ অধিকার ও লাইসেন্সিং চুক্তি অনুমোদিত হয়েছে। চুক্তি অনুসারে, কাউন্টি কর্তৃপক্ষ বিমানবন্দরের সাইনবোর্ড, বিজ্ঞাপন, বিপণন, পণ্য এবং অন্যান্য ব্র্যান্ডিংয়ে নতুন নামটি স্থায়ীভাবে রয়্যালটি-মুক্ত লাইসেন্সের মাধ্যমে ব্যবহার করতে পারবে।
এই উদ্যোগটি ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসের মার্চ মাসে স্বাক্ষরিত একটি আইনের ফলাফল। আইনটি নাম পরিবর্তনের অনুমোদন দিলেও ট্রাম্পের ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্ট ট্রেডমার্ক চুক্তির জন্য স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন বাধ্যতামূলক করেছে। ট্রাম্পের ট্রেডমার্ক পরিচালনাকারী সংস্থা ডিটিটিএম অপারেশনস এলএলসি ইতোমধ্যে প্রস্তাবিত নাম দুটির জন্য ট্রেডমার্ক আবেদন করেছে।
তবে বিমানবন্দরের নাম পরিবর্তন কার্যকর হওয়ার আগে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। অনুমোদন পেলে আগামী ১ জুলাই ২০২৬-এর মধ্যে নতুন নামটি বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: সিবিএস ১২ / মিয়ামি হেরাল্ড


