০৬/০৫/২০২৬
২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-উজবেকিস্তানে সরাসরি বিমান যোগাযোগ চালুর আহ্বান অর্থমন্ত্রীর

পর্যটন সংবাদ ডেস্ক : সমরখন্দে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বার্ষিক সম্মেলনের সাইডলাইনে উজবেকিস্তানের উপ-প্রধানমন্ত্রী জামশিদ খোদজায়েভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে অর্থমন্ত্রী দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান এবং বিশেষ করে ঢাকা-তাসখন্দ রুটে উজবেক এয়ারওয়েজের ফ্লাইট পুনরায় চালুর আহ্বান জানান।

বৈঠকে অর্থমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশে উজবেকিস্তানের কূটনৈতিক মিশন খোলার ওপর জোর দেন। তিনি দুই দেশের মানুষের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধনের কথা তুলে ধরে বাণিজ্য, যোগাযোগ, কর্মসংস্থান, সংস্কৃতি, পর্যটন ও গণযোগাযোগসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ ও পাটজাত পণ্যের জন্য উজবেক বাজারে সহজ প্রবেশাধিকার এবং বাংলাদেশি ব্যবসায়ী ও পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণের অনুরোধ করেন। এছাড়া তিনি উজবেকিস্তানের প্রেসিডেন্টকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

উজবেকিস্তানের উপ-প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক অর্থনৈতিক অংশীদারিত্বকে গতিশীল করতে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাণিজ্য, কৃষি ও পর্যটন খাতে অপেক্ষমাণ চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন। বাংলাদেশের বস্ত্র ও ওষুধ শিল্পের প্রশংসা করে তিনি জানান, শিগগিরই একটি উজবেক ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা যাচাই করবে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এডিবি সম্মেলন ৩ মে শুরু হয়ে আজ শেষ হয়েছে।

Read Previous

ক্যানারি দ্বীপপুঞ্জে নোঙরের অনুমতি পেল হান্টাভাইরাস-আক্রান্ত প্রমোদতরী এমভি হন্ডিয়াস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular