
পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত টেকসই রেটিং তালিকায় দেশের ১০টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠান জায়গা করে নিয়েছে, যারা পরিবেশবান্ধব কার্যক্রম, সামাজিক দায়বদ্ধতা এবং টেকসই অর্থনীতির পথে নিরবিচারে কাজ করে যাচ্ছে। এ উদ্যোগ বাংলাদেশের অর্থনীতির পাশাপাশি পরিবেশবান্ধব পর্যটনের ভিত্তি গড়তেও সহায়ক ভূমিকা রাখছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগ ২০২৪ সালের তথ্যের ভিত্তিতে এ তালিকা তৈরি করেছে। এতে টানা পাঁচ বছর ধরে জায়গা ধরে রেখেছে ব্র্যাক ব্যাংক, দি সিটি ব্যাংক এবং আইডিএলসি ফাইন্যান্স। এসব ব্যাংক পরিবেশবান্ধব উদ্যোগ যেমন সৌরবিদ্যুৎ ব্যবহার, কাগজের ব্যবহার হ্রাস, এবং বিদ্যুৎ সাশ্রয়ী ব্যাংকিং সেবায় অগ্রণী ভূমিকা রাখছে।
এ বছর টেকসই ব্যাংকের তালিকায় রয়েছে:
- ব্র্যাক ব্যাংক
- সিটি ব্যাংক
- ডাচ্-বাংলা ব্যাংক
- ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)
- যমুনা ব্যাংক
- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- এনসিসি ব্যাংক
- প্রাইম ব্যাংক
- পূবালী ব্যাংক
- শাহজালাল ইসলামী ব্যাংক
আর আর্থিক প্রতিষ্ঠান হিসেবে টিকে আছে আইডিএলসি ফাইন্যান্স এবং আইপিডিসি ফাইন্যান্স।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পাঁচটি সূচকের ভিত্তিতে এই রেটিং তৈরি করা হয়: টেকসই অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়ন, টেকসই কোর ব্যাংকিং ও ব্যাংকিং সেবার পরিধি। এসব সূচকের মাধ্যমে নির্ধারণ করা হয় কোন প্রতিষ্ঠানগুলো বাস্তবেই টেকসই উন্নয়নে অবদান রাখছে।
পর্যটন খাত সংশ্লিষ্টরা বলছেন, পরিবেশবান্ধব অর্থনৈতিক প্রতিষ্ঠান বৃদ্ধি পেলে পরিবেশ সংরক্ষণ কার্যক্রম আরও জোরদার হবে, যার ফলে পর্যটনবান্ধব প্রাকৃতিক গন্তব্যগুলোও টিকে থাকবে। যেমন পাহাড়, নদী ও বনাঞ্চল সংরক্ষণে এসব ব্যাংকের অর্থায়ন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়ক।
শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ জানিয়েছেন, ‘এই রেটিংয়ে স্থান করে নেওয়ার জন্য আমরা পরিবেশবান্ধব অর্থায়ন বাড়িয়েছি। কিছু ঋণের হিসাব সংশোধন করেও আমরা তালিকায় জায়গা পেয়েছি।’
পরিবেশ ও পর্যটনের টেকসই ভবিষ্যতের জন্য অর্থনীতির এই ইতিবাচক দিকটি দেশের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যাংকিং খাতে এ ধরনের উদ্যোগ শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধিই নয়, বরং পরিবেশবান্ধব ভ্রমণ ও সবুজ পর্যটনের ভিত্তি তৈরিতেও ভূমিকা রাখবে বলেই প্রত্যাশা।



