
নিজস্ব প্রতিবেদক। পর্যটন সংবাদ: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তৎপরতা স্পষ্ট হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্যসহ পশ্চিমা শক্তি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এখন প্রকাশ্যে বলছে—বাংলাদেশে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন।
প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আস্থা প্রকাশ করে বিদেশি কূটনীতিকরা মনে করছেন, আগামী ফেব্রুয়ারিতেই এ নির্বাচন আয়োজন সম্ভব। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছেন, তারা কোনো দলের পক্ষ নন, শুধু চান স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)ও একই সুরে কথা বলেছে। ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন, তারা বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চান। এ লক্ষ্যে চার মিলিয়ন ইউরো সহায়তা দেয়ার ঘোষণাও দিয়েছে ইইউ।
চীনের পক্ষ থেকেও এসেছে অনুরূপ বার্তা। বেইজিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে বৈঠকে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং বলেছেন, “আমরা নতুন সরকারের সঙ্গে কাজ করতে অপেক্ষা করছি।” একইসঙ্গে বাংলাদেশে অবকাঠামো, শিল্প ও কৃষিতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তিনি।
যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক স্পষ্ট করে বলেছেন, তাদের প্রত্যাশা একটি অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন। ইতালি, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের রাষ্ট্রদূতরাও ঢাকায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন একই বার্তা নিয়ে।
জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস জানিয়েছেন, তারা বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চান এবং প্রয়োজনে কারিগরি সহায়তা দেবে জাতিসংঘ।
কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় আন্তর্জাতিক আগ্রহ নতুন কিছু নয়। তবে এবারের তৎপরতা ব্যতিক্রম কারণ বিদেশি শক্তিগুলো চাইছে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা শেষে একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক। ভৌগোলিক অবস্থান, বঙ্গোপসাগরকেন্দ্রিক ইন্দো-প্যাসিফিক কৌশল এবং আঞ্চলিক মেরুকরণের কারণে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও কৌশলগত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘিরে দেশি-বিদেশি সবার চোখ এখন ঢাকা অভিমুখে।



