দীর্ঘ ৩২ ঘণ্টা পর দেশে ফিরল দুবাইয়ে আটকে পড়া বিমানের ফ্লাইট, স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে

বাংলাদেশ বিমান

ফাইল ছবি

পর্যটন সংবাদ ডেস্ক: দীর্ঘ প্রায় ৩২ ঘণ্টা অপেক্ষার পর অবশেষে দুবাইয়ে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৯ মডেলের উড়োজাহাজটি দেশে ফিরছে। স্থানীয় সময় শুক্রবার ভোর ৭টায় (বাংলাদেশ সময় সকাল ৯টায়) বিমানটি বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে বলে নিশ্চিত করেছেন দুবাইয়ে বিমানের স্টেশন ম্যানেজার।

এর আগে, গত বুধবার রাত ১২টা ৫ মিনিটে উড়োজাহাজটি ২৭৫ যাত্রী নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক সমস্যার কারণে ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ডেড করে রাখা হয়। ফলে বিপাকে পড়েন যাত্রীদের মধ্যে থাকা শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিরাও।

বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে একটি বিশেষ ফ্লাইটে করে বিকল যন্ত্রাংশ দুবাই পৌঁছায় এবং দ্রুত তা প্রতিস্থাপন করা হয়। পরে যাত্রীদের পুনরায় বোর্ডিং পাস ইস্যু করে হোটেল থেকে বিমানবন্দরে নিয়ে আসা হয়। দ্বিতীয় দফায় বোর্ডিং অনুমতি পাওয়ার পর রাত সাড়ে ৩টা থেকে যাত্রীরা টার্মিনাল-১ এ অপেক্ষা করতে থাকেন।

যাত্রী জয়নাল আবেদীন, আহসান চৌধুরী ও আবুধাবি প্রবাসী মোহাম্মদ আবুল বাশারসহ অনেকেই তাদের দীর্ঘ অপেক্ষার অভিজ্ঞতা শেয়ার করেন ‘পর্যটন সংবাদ’কে। তারা জানান, প্রথমে এক ঘণ্টা বিলম্বের কথা জানালেও পরে তা বাড়তে বাড়তে দীর্ঘ ৩২ ঘণ্টায় পৌঁছে যায়। এ সময়ের মধ্যে বিমান কর্তৃপক্ষ যাত্রীদের জন্য হোটেল ব্যবস্থা করে দেয়। তবে একটি ১২ সদস্যের পরিবার লাউঞ্জেই অবস্থান করতে থাকেন।

বিমানের পক্ষ থেকে জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণে অনিচ্ছাকৃতভাবে এই বিলম্ব ঘটে এবং যাত্রীদের সবধরনের সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।

বিমানের এই পরিস্থিতি যাত্রীদের মাঝে চরম ভোগান্তির সৃষ্টি করলেও অবশেষে উড়োজাহাজটির উড্ডয়নের খবরে স্বস্তি ফিরে আসে।

Read Previous

গোপালগঞ্জে সহিংসতার পরও স্বাভাবিক হচ্ছে জনজীবন, পর্যটন ও পরিবহন চলাচলে ধীরে ধীরে গতি

Read Next

হাতিরঝিলে ড্রোন শো: বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান, যান চলাচলে নিয়ন্ত্রণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular