দীঘিনালা-সাজেক সড়কে পানিতে তলিয়ে যান চলাচল বন্ধ, আটকা ৩০০ পর্যটক

পর্যটন সংবাদ ডেস্ক: টানা ভারি বর্ষণের কারণে দীঘিনালা-সাজেক সড়কের মাচালং বাজার সংলগ্ন একটি নিম্নাঞ্চলে পানি জমে সড়কটি তলিয়ে গেছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টা থেকে ওই সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন রিসোর্ট কটেজ ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেক-এর সভাপতি সুপর্ন দেব বর্মন।

তিনি জানান, “সকালে মাচালং বাজার ব্রিজের কাছে পানি উঠে যাওয়ায় উভয় পাশে প্রায় ৩০০ পর্যটক আটকে পড়েছেন। তবে বৃষ্টি না হলে পানি দ্রুত নেমে যাবে এবং সড়কটি আবার সচল হয়ে উঠবে।”

রিসোর্ট কটেজ ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, “সকাল থেকে সড়কে পানি বাড়তে থাকে এবং ৯টার দিকে তা তলিয়ে গেলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে খাগড়াছড়ির উদ্দেশ্যে সাজেক থেকে রওনা হওয়া পর্যটক বহরটি মাঝপথ থেকে ফিরে যেতে বাধ্য হয়। এই বহরে থাকা ২৭৩ জন পর্যটক বর্তমানে সাজেকে অবস্থান করছেন।”

তিনি আরও জানান, “তবে সকাল ৯টার আগেই যারা খাগড়াছড়ি থেকে সাজেকের পথে রওনা দিয়েছিলেন, তারা নিরাপদে পৌঁছেছেন। আমরা আশাবাদী, রাতের মধ্যে যদি আর বৃষ্টি না হয়, তাহলে পানি নেমে যাবে এবং সড়কটি আবার চলাচলের উপযোগী হয়ে উঠবে। তাছাড়া কাপ্তাই বাঁধের জলকপাট খুলে দেওয়ায় পানি দ্রুত নামবে বলে আশা করা হচ্ছে।”

এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

Read Previous

রূপালী ব্যাংকের আয়োজনে রাজধানীতে তারুণ্যের র‍্যালি

Read Next

বঙ্গোপসাগর হবে পর্যটন ও অর্থনীতির নতুন সম্ভাবনার দুয়ার: প্রধান উপদেষ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular