
পর্যটন সংবাদ ডেস্ক: কুমিল্লার দাউদকান্দিতে ডিবি পুলিশ পরিচয়ে ৩৫ লাখ টাকা লুটের ঘটনায় মূলহোতা সোলাইমানকে (২৭) গ্রেফতার করেছে র্যাব-৩। শুক্রবার (২২ আগস্ট) রাতে রাজধানীর তুরাগের দলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সনদ বড়ুয়া।
কীভাবে ঘটেছিল লুট
গত বছরের ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় তোফায়েল আহম্মেদ (৫৫) নামে এক ব্যক্তি গাড়ি ও জমি বিক্রির নগদ ৩৫ লাখ টাকা নিয়ে ঢাকার টিকাটুলি থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন। এশিয়া এয়ারকন পরিবহনের একটি বাসে করে যাওয়ার পথে দাউদকান্দির শহীদনগর এলাকায় তাদের বহনকারী বাসের গতিরোধ করে একটি মাইক্রোবাস।
এরপর ২-৩ জন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাসে উঠে তোফায়েলকে হাতকড়া পরায় এবং জোর করে নামিয়ে আনে। কিছুক্ষণের মধ্যেই তারা টাকা ভর্তি ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে দ্রুত ঢাকার দিকে পালিয়ে যায়।
মামলা ও তদন্ত
পরদিন ভুক্তভোগী দাউদকান্দি থানায় মামলা করেন। এ মামলার পর তদন্তে র্যাব-৩ রাজধানীর বাড্ডা থেকে ইমরান হোসেন শাওন (২৯) নামে এক আসামিকে গ্রেফতার করে। আদালতে তার দেওয়া জবানবন্দিতে সোলাইমানের নাম উঠে আসে।
মূলহোতা ধরা
গ্রেফতার সোলাইমান মাদারীপুরের কালকিনি থানার সাহেব রামপুর গ্রামের বাসিন্দা। তিনি ঘটনার সময় ব্যবহৃত মাইক্রোবাসটির চালক ছিলেন। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দস্যুতার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান চলছে।



